৩০.৯৯°সে, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
জেলা পরিষদ ময়মনসিংহ এর অর্থায়নে বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্প সম্পর্কে অবহিতকরণ ও প্রকল্পের অনুকূলে চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের বাস্তবায়নাধীন ৫২টি উন্নয়ন প্রকল্পের বিপরীতে বরাদ্দকৃত ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকার মধ্যে প্রথম ও ২য় কিস্তি হিসেবে ৫৫ লাখ ২৫ হাজার টাকার চেক প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিদের হাতে চেক তুলে দেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, “জেলা পরিষদ আয়বর্ধক কোনো সংস্থা নয়, এটি জনগণের সেবামূলক প্রতিষ্ঠান। সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণ যাতে সরাসরি উপকৃত হন, এমন দৃশ্যমান ও জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করতে চান তারা। এ জন্য তিনি সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের উন্নয়ন ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণের মাধ্যমে আত্মসামাজিক উন্নয়ন নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করতে চায়। জনগণের আর্থ-সামাজিক উন্নয়ন হলেই প্রকৃত উন্নয়ন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
চেক গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, প্রতিটি টাকার যথাযথ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অক্ষুণ্ন রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা প্রকল্প বাস্তবায়নে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিভিন্ন বিষয় প্রকল্প বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের অবহিত করেন এবং তা যথাযথভাবে প্রতিপালনের আহ্বান জানান।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতিরা তাদের বক্তব্যে বলেন, প্রকল্প কাজের কিস্তির টাকা প্রদানে ধীরগতি না হয়ে – সময়মত পরিশোধ করার আহ্বান জানিয়ে সবাইকে একত্রিত করে উন্নয়ন প্রকল্পের চেক হস্তান্তরের এ আয়োজন জেলা পরিষদের ইতিহাসে একটি ব্যতিক্রমী উদ্যোগ। এমন উদ্যোগ গ্রহন করায় প্রশাসক এমরান সালেহ প্রিন্স কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, সহকারী প্রকৌশলী আতিয়া বিনতে জাহান বিনতি, প্রশাসনিক কর্মকর্তা মো. মজিবুর রহমান, সার্ভেয়ার ফিরোজ হোসেন, হিসাবরক্ষক মাহমুদুর রহমান তসলিমসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও গণমাধ্যমকর্মীরা।