২৬.৩৪°সে, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
শিশুদের মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ময়মনসিংহের গৌরীপুরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) সকাল ১১টায় গৌরীপুরের শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে দুইটি করে ফুটবল তুলে দেওয়া হয়।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আধুনিক বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন এমপি ও গৌরীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুল ইসলাম খান শহীদের পরামর্শে গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো. শাহজাহান কবির হিরার ব্যক্তিগত উদ্যোগে এই ফুটবল বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
ফুটবল বিতরণকালে মো. শাহজাহান কবির হিরা বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা, সংগীত ও বিভিন্ন গঠনমূলক কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালনা করা হবে।”
খেলাধুলার উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং এমন উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায়। উপস্থিত অভিভাবক ও শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান আতা ও গোলাম মোস্তফা, পৌর বিএনপির সদস্য মো. শহীদুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, আব্দুল লতিফ, শেখ লেবু স্মৃতি পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার মমতা, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেইজি আক্তার, সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, আফরোজা সুলতানা, জান্নাতুন ফেরদৌস ও জিনাত আরা মণ্ডলসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।