৩১.৯৯°সে, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের মরিচালী গ্রামে আনুষ্ঠানিকভাবে ‘তারুণ্য ক্লাব’-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মরিচালী গ্রামে আয়োজিত অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ওবায়দুল হক ইমনের সভাপতিত্বে প্রধান ডোনার নাসিরুল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
আলোচনা সভায় যুবসমাজকে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং সমাজ থেকে সব ধরনের অপরাধ নির্মূলে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন নাসির।
তিনি বলেন, “আমাদের সমাজে মাদক, ইভটিজিং এবং আইনবিরোধী যেকোনো অন্যায়-অবিচার আর কোনোভাবেই চলতে দেওয়া হবে না। যুবসমাজকে আজ ধ্বংসের হাত থেকে রক্ষা করতেই হবে। আমরা নিজেদের সম্পূর্ণভাবে মানুষের সেবায় নিয়োজিত রাখতে চাই। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, তরুণদের ইতিবাচক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ‘তারুণ্য ক্লাব’ নিয়মিতভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।
অনুষ্ঠানে ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিমন মিয়া, এলাকার সম্মানিত মুরব্বি, ‘তারুণ্য ক্লাব’-এর সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে অপরাধ ও মাদকের ভয়াল থাবা থেকে দূরে রাখতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের নেতৃত্বে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে।
এদিকে মরিচালী গ্রামে ‘তারুণ্য ক্লাব’-এর যাত্রাকে স্বাগত জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। তারা আশা প্রকাশ করেন, ক্লাবটি তরুণদের সংগঠিত করে সমাজসেবা, মানবিক কর্মকাণ্ড ও অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।