২৭.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সরকারের অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির আওতায় ২০২৬ অর্থবছরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে গৌরীপুর খাদ্য গুদাম চত্বরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা খাদ্যশস্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় গৌরীপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাল উদ্দিন অতিথিদের চালের বস্তার সঠিক ওজন ও চালের মান পরীক্ষা করে দেখান, যা সরকারি নিয়ম অনুযায়ী সঠিক পাওয়া যায়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা জানান, বোরো সংগ্রহ অভিযানে গৌরীপুর উপজেলার দুইটি খাদ্য গুদামে ২ হাজার ৩৬ মেট্রিক টন ধান, ১৭ হাজার ৯৩৮ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৯ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে।
তিনি আরও জানান, প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা, অর্থাৎ প্রতি মণ ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করা হবে।
দুইটি খাদ্য গুদামে উপজেলার ১৯টি অটো রাইস মিল ও ৩টি চাতাল রাইস মিল থেকে চাল সংগ্রহ করা হবে। এছাড়া তালিকাভুক্ত ৬৮৩ জন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত শুকনা ধান ক্রয় করা যাবে।
খাদ্য নিয়ন্ত্রক রুবায়দুর রানা জানান, গত ৩ মে থেকে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে, যা আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ অভিযান শুরু হবে ১৫ মে থেকে এবং তা চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহিদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক ও অটো মেজর হাসকিন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর আনিস, সহ-সভাপতি মাহবুব আলম ফারুখ, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার রাইস মিল মালিকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।