২৮.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের বাড়িওয়ালাপাড়া মহল্লায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তির বসতবাড়ির সীমানা প্রাচীর ভাঙচুর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রাকিব হাসান মো. এখলাছ (৪১) এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে অভিযুক্ত করে ঘটনার রাতেই গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আনছার আলীর ছেলে মো. সাইফুল ইসলাম (৫২) এবং তার ছেলে রাতুল ইসলাম শান্ত (২২)।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী রাকিব হাসান ও অভিযুক্ত সাইফুল ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে বিবাদীপক্ষ আদালতে মামলা দায়ের করলে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আদালত রাকিব হাসানের পক্ষে রায় দেন। অভিযোগে বলা হয়, আদালতের রায় অমান্য করে অভিযুক্তরা পুনরায় জায়গা দখলের চেষ্টা চালিয়ে আসছিল।
আরও অভিযোগ করা হয়, সাইফুল ইসলাম বাদীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত অর্থ না দেওয়ায় পূর্ব বিরোধের জেরে ঘটনার রাতে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে এসে বাড়ির পূর্ব পাশের সীমানা প্রাচীর ভেঙে ক্ষতিসাধন করে।
তবে অভিযোগ অস্বীকার করে সাইফুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর ভাঙার ঘটনা সত্য হলেও ওই জায়গার ভেতরে তার অংশ রয়েছে। তার দাবি, জায়গার বিপরীতে অর্থ পাওয়ার কথা থাকলেও দীর্ঘদিনেও তা পরিশোধ করা হয়নি। চাঁদা দাবির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “রাকিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই, তাহলে চাঁদা কীভাবে দাবি করবো?”
এ বিষয়ে গৌরীপুর থানা-এর অফিসার ইনচার্জ কামরুল হাসান জানান, সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।