৩১.৯৯°সে, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারী উচ্চ বিদ্যালয়েরর উদ্যোগে ছাত্র,অভিভাবকবৃন্দ ও শিক্ষক মন্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
রবিবার (০৪ সেপ্টেম্বর ) সকালে বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষিক মাজেদা হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বদরুল আলম সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
প্রধান অতিথি হাসান মারুফ অভিবাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না, অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। আজকের এ সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে এ প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজেদা হোসেন বলেন, এ অভিভাবক সমাবেশের আলোচনা সভায় অভিভাবকবৃন্দের মধ্যে থেকে যেসব সূচিন্তিত মতামত, পরামর্শ ও প্রস্তাবনাসমূহ এসেছে তা দ্রুত বাস্তবায়ন করে এ প্রতিষ্ঠানের আরো শিক্ষার মানোন্নয়ন করা হবে মর্মে অভিভাবকবৃন্দকে আশ্বস্ত করেন।
শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন সমস্যা নিয়ে অভিভাবকবৃন্দ পরামর্শমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ। অভিভাবক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, মাওহা ইউনিয়নের চেয়ারম্যান আল ফারুখসহ উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ছাত্র, অভিভাবকবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।