২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার প্রায় ৩০ বছর পর চালু হয়েছে সিজারিয়ান অপারেশন। মঙ্গলবার (১ নভেম্বর) কোন আনুষ্ঠানিকতা ও প্রচার-প্রচারনা ছাড়াই এ হাসপাতালে চালু হয়েছে মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত এ অপারেশন। এক্ষেত্রে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এ অপারেশনের উদ্বোধনের খবর জানানো হয়নি। এ নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহম্মেদ নাসেরের প্রতি ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি জানান- সারাদেশে তৃণমূলের মানুষের মাঝে চিকিৎসাসেবা পৌঁছে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একটি সাফল্য। গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে এটা সকলের জন্য অত্যন্ত খুশির খবর। কিন্তু সরকারের এ উন্নয়নের আনুষ্ঠানিকতা ও প্রচার- প্রচারনা না থাকার বিষয়টি দুঃখজনক।
গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ এম খায়রুল বাসার জানান-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন উদ্বোধনের বিষয়ে সাংবাদিকদের জানানো হয়নি, ঘটনাটি দুঃখজনক। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান জানান- হাসপাতালে সিজারয়িান অপারেশন চালুর বিষয়ে আনুষ্ঠানিকতা ও প্রচার-প্রচারনা থাকলে সরকারের এ উন্নয়ন সম্পর্কে স্থানীয় লোকজন অবগত হতেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল আহম্মেদ নাসের বলেন- আমি কাজে বিশ্বাসী, প্রচার-প্রচার ও আনুষ্ঠানিকতায় নয়। এক প্রশ্নের জবাবে তিনি জানান- হাসপাতালে এ সিজারিয়ান অপারেশনের বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। #