২৯.১°সে, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে ফাতেমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। বুধবার(৯অক্টোবর) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হিম্মত নগর গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। প্রায় পনর বছর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের নেকবর আলীর ছেলে উজ্জল মিয়ার সাথে বিয়ে হয় ফাতেমার। দীর্ঘ বছর তাদের সংসারে কোন সন্তান না হওয়ায় সম্প্রতি উজ্জল মিয়া স্ত্রীর অনুমতি নিয়ে দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ ফাতেমা খাতুন পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তার স্বামী উজ্জল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমান আলাদা ঘরে।
বুধবার সকালে ফাতেমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ঘরের ধরনায় ওড়না পেচিয়া গলায় ফাঁস নিয়েছে ফাতেমা। পরিবারের লোকজন পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাজহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।