৩৫.৬১°সে, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়ন ছাত্রলীগের সদ্য ঘোষিত অাংশিক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২৫ সেপ্টেম্বর) সন্ধায় সিধলা ইউনিয়নের মনাটি বাজারে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এই মানববন্ধন করে।
মানববন্ধনে অংশগ্রহনকারী ছাত্রলীগ কর্মীদের হাতে প্ল্যাকার্ডে,ব্যানারে সিধলা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি মানি না- মানবো না’, ‘পকেট কমিটি মানি না- মানবো না’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ফেস্টুন ছিল।
বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, গত শনিবার( ২৪ সেপ্টেম্বর) রাতে গৌরীপুর উপজেলা ছাত্রলীগ সিধলা ইউনিয়ন ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মোঃ রফিকুল ইসলামকে সভাপতি, আব্দুল মান্নানকে সহ-সভাপতি, ওবায়েদুল শেখ লিমনকে সাধারণ সম্পাদক ও মোঃ ইমরান হোসাইনকে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
মানববন্ধনে ছাত্রলীগ কর্মী শেখ তোফায়েল আহমেদ বলেন, ২০১৮ সালে মোঃ রফিকুল ইসলাম সভাপতি, মোঃ আকরাম হোসেন ও মোঃ আব্দুল মান্নানকে সহ সভাপতি এবং মনিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মামুন মিয়া,পলাশ মিয়াকে যুগ্ম সাধারন সম্পাদক এবং মিজানুর রহমান জুয়েল,সমর দেবনাথকে সাংঘঠনিক সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটির সদস্যদের মাঝে কয়েকজন সিধলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারনা করেন এমন আরও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য ২০২১ সালের ডিসেম্বর মাসে উপজেলা ছাত্রলীগ উক্ত কমিটি স্থগিত ঘোষনা করে। বর্তমানে বিতর্কিত এই কমিটিতে পৃর্বের স্থগিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করায় সিধলা ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হন।
বক্তারা অবিলম্বে ঘোষিত এই কমিটি বাতিল করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবী জানান। তা না হলে উক্ত বিতর্কিত কমিটি দিয়ে কার্যক্রম চালালে অত্র ইউনিয়নের ছাত্রলীগের কার্যক্রম স্থবির হয়ে পড়বে।
মানববন্ধনে বক্তব্য দেন- ছাত্রলীগ কর্মী আশিক সরকার, শেখ লিমন আহম্মেদ, মেহেদী হাসান রনি প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন সাংবাদিকদের জানান- তৎকালীন সাধারণ সম্পাদক মনিবুর রহমান চাকুরিতে চলে যাওয়ায় ওই সময় কমিটি স্থগিত করা হয়েছিলো। বর্তমানে সংগঠনকে গতিশীল করার জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ১ মাসের মধ্যে তারা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। পদবঞ্চিতরাই মূলত এ কমিটির বিরোধীতা করছেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রলীগকর্মী মামুন, ফারুক মিয়া, রাকিব মিয়া, রাসেল মিয়া, এনামুল হক, উমর ফারুক শেখ সহ ইউনিয়ন ছাত্র লীগের নেতাকর্মী বৃন্দ।