২৭.৬৯°সে, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জাইকার অর্থায়নে বয়ঃসন্ধিকালীন ছাত্রীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকালে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হলরুমে জাইকার অর্থায়নে, উপজেলা পরিষদের তত্ত্বাবধানে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইকবাল আহমেদ নাসেরের সভাপতিত্বে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রামকৃষ্ণ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান এ প্রশিক্ষণ কর্মশালায় ৪ টি ব্যাচে গৌরীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬০ জন ছাত্রী অংশগ্রহণ করবেন। প্রশিক্ষণ কর্মশালায় বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণার্থী কিশোরীরা জানতে পারবে।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, আমাদের সমাজে অনেক কিশোরীদের মাঝে সামাজিক,পারিবারিক ও পারিপার্শ্বিক নানান কারণে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা সম্পর্কে যথাযথ জ্ঞান ও উপলব্ধি নেই। এ সময়ের স্বাস্থ্যগত বিভিন্ন দিক সম্পর্কে লজ্জা নয় বরং সচেতন হওয়া জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি ও উপজেলা ফ্যাসিলিটেটর রেবেকা সুলতানা সহ উপস্থিত ছিলেন, প্রশিক্ষনার্থী ছাত্রীবৃন্দ।