৩২.৫৭°সে, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
ময়মনসিংহের গৌরীপুরে ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা উল্টে দুলাল মিয়া (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। এতে আরও অন্তত ১০ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তরপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া উপজেলার লামাপাড়া গ্রামের মৃত কাছুম আলীর ছেলে। তিনি এ অটোরিক্সার মালিক ।
স্থানীয় কয়েকজন জানান, ব্যাটারি চালিত যাত্রীবাহি অটোরিক্সা গৌরীপুর বাজার থেকে লামাপাড়া এলাকায় যাওয়ার সময় শাহবাজপুর লংকা ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিক্সার মালিক ও চালক দুলাল মিয়ার মৃত্যু হয় এবং অটোরিক্সার ১০ জন যাত্রী আহত হন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী সাংবাদিকদের এ দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত করেন।
এদিকে ঘটনার রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনায় হতাহতদের তথ্য সংগ্রহ করতে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার সাংবাদিকদের তথ্য দিতে অপরাগতা প্রকাশ করে বলেন, ইউএইচএফও স্যারের অনুমতি ছাড়া তথ্য দিতে পারবেনা।