৩২.৫২°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে পুকুরে ডুবে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার(৫ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই বোন হলেন বীর পশ্চিমপাড়া গ্রামের সুলতান মিয়া ও নার্গিস আক্তারের কন্যা রিয়া মনি (৭) ও ইলমা (৫)। রিয়া মনি স্থানীয় বীর পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিনের মতো রিয়া মনি সকালে স্কুলে যায়। দুপুরে বাড়ি ফিরে তার প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল।
কিন্তু সে ছোট বোন ইলমাকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে বের হয়। দুপুর আনুমানিক ২টার দিকে খেলাধুলার একপর্যায়ে ইলমা কাদায় পড়ে যায়। শরীরে লেগে থাকা কাদা ধোয়ার জন্য বাড়ির পাশের গনি মিয়ার পুকুরে নামলে সে পানিতে তলিয়ে যায়।
ছোট বোনকে ডুবে যেতে দেখে এক মুহূর্ত দেরি না করে রিয়া মনি তাকে উদ্ধারের জন্য পুকুরে নামে। কিন্তু সাঁতার না জানায় সেও পানিতে তলিয়ে যায়। অল্প সময়ের ব্যবধানে দুই বোনই পানির নিচে হারিয়ে গেলে সেখানে উপস্থিত শিশু সুমাইয়া দৌড়ে গিয়ে তাদের মাকে বিষয়টি জানায়।

মায়ের আহাজারিতে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার অভিযান শুরু করেন। তারা প্রথমে রিয়া মনিকে পানির নিচ থেকে উদ্ধার করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ততক্ষনে শিশু ইলমা তলিয়ে গেলে স্বজ্বন ও স্থানীয়রা দীর্ঘক্ষন চেষ্টায় উদ্ধারে ব্যার্থ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করে ময়মনসিংহ থেকে ফায়ার সসার্ভিসের বিশেষ ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দল প্রায় ৪৫ মিনিট অভিযান চালিয়ে বিকাল ৬ টার দিকে শিশু ইলমার মরদেহ উদ্ধার করে।

নিহত দুই শিশুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্কুল থেকে এসে রিয়ার প্রাইভেটে যাওয়ার কথা ছিল। কখন যে ছোট বোনকে নিয়ে বাইরে চলে গেছে, বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর শুনি, আমার দুই মেয়েই পুকুরে ডুবে গেছে।”
একসঙ্গে দুই কন্যার মৃত্যুর শোক সইতে না পেরে বাবা সুলতান মিয়া বারবার জ্ঞান হারিয়ে ফেলেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। প্রতিবেশীরাও এ মর্মান্তিক ঘটনায় শোকাহত হয়ে পড়েন। অনেকের চোখেই ছিল অশ্রু।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গৌরীপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
একসঙ্গে দুই সহোদর শিশুর করুণ মৃত্যুতে বীর পশ্চিমপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এমন মর্মান্তিক ঘটনায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বজ্বন ও স্থানীয় বাসিন্দারা।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম