৩৩°সে, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড় সংলগ্ন পাকা রাস্তা এলাকা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে আব্দুল মান্নান তাঁর প্রতিবেশী মৃত নাছির উদ্দিনের ছেলে মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করতে থামলে আব্দুল মান্নান একাই সামনে এগিয়ে যান। তিনি লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়।
দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে রাস্তা থেকে নিচে কচুক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়।
এ সময় আব্দুল মান্নানের চিৎকার শুনে মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান এবং চিৎকার দিলে স্থানীয় লোকজন ও স্বজনরা ছুটে আসেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

Share Now


আপনার মতামত জানান :

এক ক্লিকে জেলার খবর  



২০২১-২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত gnews24bd.com | উন্নয়নে হোস্টপিও.কম