ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের এক পিকআপ চালককে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোয়েব মুনশীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জনবিরোধী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও দলীয় সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বহিষ্কৃত যুবদল নেতা সোয়েব মুনশী গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল খালেক মুনশীর ছেলে। তিনি গৌরীপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে আসছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (৩০ জুন) রাত প্রায় ১১টার দিকে গৌরীপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে স্থানীয় আজিবুল ইসলামের ছেলে পিকআপ চালক মানিক মিয়া (৪৫)-কে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সোয়েব মুনশী ও তার সহযোগীদের বিরুদ্ধে। পরে উপজেলার সতিষা এলাকায় সড়কের পাশে একটি খোলা স্থানে তাকে রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরে মানিক মিয়ার স্ত্রীকে খবর দিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তাকে প্রথমে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তার মৃত্যু হয়।এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।