ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ৮ নং ডৌহাখলা ইউনিয়নের সচেতন নাগরিক’ এর ব্যানারে ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সামনে এই কর্মসূচি পালিত হয়।
এসময় ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুমকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ী ভাবে অপসারণের দাবীতে প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তরা বলেন, ‘উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ চৌধুরী হত্যা মামলা সহ একাধিক মামলার আসামি ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ কাইয়ুম। তার বিরুদ্ধে পরিষদের কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি সোহাগ চৌধুরী হত্যা মামলায় কারাগারে গেলে প্রশাসন পরিষদে প্রশাসক নিয়োগ দেন, বর্তমানে আমরা জানতে পারি এম এ কাইয়ুম চেয়ারম্যানের দায়ীত্ব পেতে আবেদন করেছেন, আমরা তার স্থায়ী অপসারণ চাই’।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান এমএ কাইয়ুম বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সোহাগ চৌধুরী হত্যাকান্ডের সময় আমি এলাকায় ছিলাম না। পরিকল্পিত ভাবে আমাকে মামলার আসামি করা হয়েছে। আমি কারাগারে গেলে পরিষদে প্রশাসক নিয়োগ দেয়া হয়। আমি স্থায়ী জামিন পেয়ে পরিষদের দায়িত্ব পেতে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করেছি। সরকার দায়িত্ব ভার দিলে আমি গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান বলেন, ডৌহাখলা ইউপি চেয়ারম্যান একটি হত্যা মামলায় কারাগারে যাওয়ার পর ডিসি স্যারের পরামর্শে চেয়ারম্যানকে অপসারণ করে ওই ইউনিয়নে প্রশাসক নিয়োগ করা হয়েছে। চেয়ারম্যান জামিন পাওয়ার পর পরিষদের দায়িত্ব পেতে আবেদন করছেন। আমরা বিষয়টি ডিসি স্যার কে জানিয়েছি। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিবেন।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।