ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের গৌরীপুর বাজারে পেঁয়াজ-রসুনের আরৎদার সাদির মিয়া (৪০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাতে পৌর শহরের মধ্যবাজারে কাদির মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের পাশের পূজা মন্দির এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত সাদির মিয়া গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে গৌরীপুর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের আরৎদার হিসেবে ব্যবসা করে আসছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর রক্তাক্ত অবস্থায় সাদির মিয়াকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহতের বড় ভাই ও ব্যবসায়ী আব্দুর কাদির অভিযোগ করেন, তাদের ছোট ভাই হযরত মিয়ার কাছ থেকে প্রায় চার বছর আগে স্বেচ্ছাসেবক লীগ নেতা শান্ত পণ্ডিত ৩০ হাজার টাকা ধার নেন। পরে ১৫ হাজার টাকা পরিশোধ করলেও বাকি ১৫ হাজার টাকা দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি। গত ১৫ জুলাই পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
তার দাবি, ওই ঘটনার জের ধরে শুক্রবার রাতে শান্ত পণ্ডিত তার সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হযরত মিয়ার দোকানে হামলা চালান। হযরত মিয়াকে না পেয়ে দোকানে থাকা বড় ভাই সাদির মিয়ার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার রাতেই স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করেন। শনিবার দুপুরেও গৌরীপুর বাজারে ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে আরেকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
অভিযোগের বিষয়ে শান্ত পণ্ডিত বলেন, "হযরত মিয়া আমার কাছে টাকা পান, এটি সত্য। তবে তার ভাইয়ের ওপর হামলার ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।"
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এ ঘটনায় শনিবার হযরত মিয়া বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও সাতজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: ফারুক আহাম্মদ
নির্বাহী সম্পাদক: গোলাম সামদানী খান সুমন
মোবাইল: ০১৭১২-০৮৯০৯৮
ই-মেইল: [email protected]
অফিস: ৩২৮, নুরুল আমীন খান সড়ক, উত্তর বাজার, গৌরীপুর, ময়মনসিংহ।